২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বোনকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

এ ছাড়া এক আসামিকে খালাস দিয়েছে আদালত

জামালপুরে বোনকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 08:44 PM

Updated : 21 Aug 2022, 08:44 PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বোনকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে জ্যেষ্ঠ দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান।

দণ্ডপ্রাপ্ত ইন্দ্রজিত ঘোষ উপজেলার শিমলা গোপিনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১৭ সালের ২২ জানুয়ারি রাতে ইন্দ্রজিৎ তার আপন বোন ১৬ মাস বয়সী প্রাপ্তিকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে মামা শ্বশুর আনন্দ মহন্ত ছিলেন। পরে প্রাপ্তিকে উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা পরিতোষ চন্দ্র ঘোষ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন।

আইনজীবী বলেন, রায়ে ইন্দ্রজিৎকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডবিধির ২০১ ধারায় আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামি আনন্দ মহন্তকে খালাস দেওয়া হয় বলে জানান আইনজীবী।