২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ব্যবসায়ীর গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৩ নেতাকর্মীর নামে মামলা

আইন অনুযায়ীই মামলাটি মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 05:56 PM

Updated : 22 Jul 2023, 05:56 PM

পাবনায় এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার সকালে পাবনা সদর থানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পনি বিশ্বাসের ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান এই মামলা করেন বলে জানান ওসি কৃপা সিন্ধু বালা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজশাহীতে বিএনপির সমাবেশ উপলক্ষে শুক্রবার পাবনায় প্রচারপত্র বিলি করছিলেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরের দিকে প্রচারপত্র বিলি করতে আরিফপুর হাজিরহাটে যান নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাল্টা হামলা চালিয়ে পনি বিশ্বাস নামে এক ব্যবসায়ীর গাড়ি ভাংচুর করেন বলে অভিযোগ ওঠে।

পনি বিশ্বাস জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির ছোট ভাই।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, “আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা জোর করে প্রচারপত্র দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিই। এ সময় সামান্য বাগবিতণ্ডা হয়। আর তেমন কিছু হয়নি।”

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, “২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে আরিফপুর হাজিরহাট এলাকায় যান। সেখানে প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, শুক্রবারের ভাঙচুরের ঘটনায় শনিবার ওই ব্যবসায়ীর ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মামলার বিষয়ে জানতে চাইলে মাসুদ খন্দকার বলেন, “আইন অনুযায়ীই মামলাটি আমরা মোকাবেলা করব।”