গাইবান্ধায় কর্মস্থলের পথে ট্রাকের ধাক্কায় ট্র্যাফিক কনস্টেবল নিহত
গাইবান্ধা সদর থানার ওসি জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেলে তার কর্মস্থলে যাচ্ছিলেন ওই কনস্টেবল।
গাইবান্ধায় কর্মস্থলে আসার পথে ট্রাকের ধাক্কায় ট্র্যাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান।
৫০ বছর বয়সি নিহত বিপ্লব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের প্রয়াত আসমত আলীর ছেলে।
তিনি গাইবান্ধায় ট্র্যাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং শহরের বাংলাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ওসি মাসুদ রানা আরও জানান, বৃহস্পতিবার সকাল বিপ্লব তারা বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে আসছিলেন। শহরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
