২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘সিগারেট নিয়ে দ্বন্দ্বে’ যুবককে কুপিয়ে হত্যা

সিগারেটের জন্য মুঈনের পকেটে হাত দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 07:09 PM

Updated : 20 Oct 2023, 07:09 PM

সিগারেট নিয়ে দ্বন্দ্বে নরসিংদীর শিবপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর-সার্কেল) মেজবাহ উদ্দিন।

নিহত কাজী মুঈন (২৮) ওই গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টারের ছেলে।

নিহতের বাবা হানিফ বলেন, “মুঈন সকাল ১১টার দিকে শাহাবুদ্দিন বাজার থেকে তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) সিগারেটের জন্য মুঈনের পকেটে হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

“তাৎক্ষণিক ঘটনাটি স্থানীয় লোকজন মিটমাট করে দেন। পরে বেলায়েত তার সহযোগীদের নিয়ে মুঈনের ঘরে ঢুকে তাকে মারপিট করে পালিয়ে যান। তৃতীয় দফায় দুপুর দেড়টার দিকে বেলায়েত ফের বাড়িতে গিয়ে মুঈনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।”

তিনি আরও বলেন, ঘটনার সময় মুঈনের চিৎকার শুনে তার মা গিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, “ঘটনাস্থলে আপনারা যা দেখেছেন, আমিও তা দেখেছি।”

হত্যায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান সহকারী পুলিশ সুপার মেজবাহ।