২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে

মামলায় বলা হয়, গত ২১ অক্টোবর মেয়েটিকে প্রাইভেট পড়াবে বলে মোবাইল ফোনে ডেকে নেন ওই শিক্ষক।

কুমিল্লায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে

গ্রেপ্তার মাদরাসা শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 06:06 PM

Updated : 28 Oct 2022, 06:25 PM

কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে মুরাদনগর থানার পরিদর্শক কামরুজ্জামান তালুকদার জানান।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সাজু (৩৯) খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরমাকান্দা আদর্শ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

মামলার নথির বরাতে পরিদর্শক কামরুজ্জামান জানান, সাজ্জাদ হোসেন একটি ব্যাচের সঙ্গে ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। কিছুদিন পর তিনি ওই শিক্ষার্থীকে বলেন অন্য শিক্ষার্থীদের থেকে অনেক পিছিয়ে আছে বলে তাকে প্রতি শুক্রবার আলাদাভাবে পড়াবেন।

“এভাবে পড়ানোর কথা বলে গত সেপ্টেম্বরে ওই ছাত্রীকে প্রথমবার ধর্ষণ করেন সাজ্জাদ হোসেন। সবশেষ ২১ অক্টোবর মেয়েটিকে প্রাইভেট পড়াতে মোবাইল ফোনে ডেকে নেন তিনি। সেদিন ওই শিক্ষার্থীকে পুনরায় ধর্ষণ করেন সাজ্জাদ।”

এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।