২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর মরদেহ নদীতে, ১৩ বছর পর দুইজনের মৃত্যুদণ্ড

২০১০ সালের ২৮ জুলাই বিকালে হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 06:08 PM

Updated : 14 Jun 2023, 06:08 PM

কুমিল্লার হোমনায় এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় করা মামলায় ১৩ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের মো. মজনু মিয়া ও কবির মিয়া। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকালে হোমনার বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২ অগাস্ট দুপুরে হোমনা বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন; ওই মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৭ সাক্ষীকে হাজির করে বলে জানান আইনজীবী সেলিম মিয়া।

তিনি বলেন, এ দুই আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে টাকার লেনদেন নিয়ে ঝামেলার কারণে হত্যার কথা স্বীকার করেছেন।

মজনু মিয়া ও করিম মিয়া গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হন; এরপর থেকেই তারা পলাতক বলে অ্যাডভোকেট সেলিম মিয়া জানান।