২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারের সংখ্যা ৭০ বলে দাবি করেছেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।

রংপুরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 11:32 PM

Updated : 05 Nov 2023, 11:42 PM

রংপুরে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির পাঁয়তারা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

তবে শনিবার রাতে রংপুর মহানগর বিএনপির মিডিয়া সেলের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলায় গ্রেপ্তারের সংখ্যা ৭০ বলে দাবি করেছেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন। তাতে ২৫ নেতাকর্মীরা নামও দেওয়া হয়।

জহির আলম নয়নের অভিযোগ, “সরকারবিরোধী আন্দোলন দমানোর লক্ষ্যে পুলিশ গণগ্রেপ্তার চালাচ্ছে। এতে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি নিরপরাধ সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অনেকেই আন্দোলনের সঙ্গে জড়িত নন।”

এদিকে জেলা ও মহানগর পুলিশ জানিয়েছে, হরতালের আগের দিন ২৮ অক্টোবর রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সাত দিনে বিএনপি-জামায়াতসহ অঙ্গ সংগঠনের অন্তত ৫১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পাঁয়তারা, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের শুরু থেকে শুক্রবার রাত পর্যন্ত মহানগরের ছয়টি থানায় বিএনপি-জামায়াতের ২০-২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবও রয়েছেন।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) ইফতে খায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের দিন থেকে শুক্রবার রাত পর্যন্ত জেলার আট থানা এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”