২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী দুই দিনের সফরে যাচ্ছেন গোপালগঞ্জ

প্রধানমন্ত্রী শনিবার কোটালীপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন; পরদিন জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করবেন।  

প্রধানমন্ত্রী দুই দিনের সফরে যাচ্ছেন গোপালগঞ্জ

শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 07:41 PM

Updated : 27 Jun 2023, 07:41 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ যাচ্ছেন।  

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু জানান, শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।

গাজী হাফিজুর রহমান লিকু আরও জানান, কোটালীপাড়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন; সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করবেন।

ওইদিনই ঢাকা ফিরে যাবেন বলে জানান লিকু।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা হয়েছে।

এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

দলের উপজেলা সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শনিবার [১ জুলাই] কোটালীপাড়ায় আসবেন। এখানে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, “ঈদের পরের দিন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় আসবেন – এটা আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। তার এই আগমন আমাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।”

দলের উপজেলা সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমির খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

চলতি বছরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এটি কোটালীপাড়ায় দ্বিতীয় সফর। এর আগে তিনি গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া এসে ছিলেন। তখন তিনি উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছিলেন।