রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারে’র জেরে সংঘর্ষ, নিহত ২
উভয়পক্ষের মধ্যে আধঘণ্টার বেশি সময় ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র’ করে আরসা ও আরএসও’র মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন, কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মৃত গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ (১৭) এবং বালুখালী ৭ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের আহমেদ হোসেনের ছেলে শামসু আলম (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে সন্ধ্যায় ওসি শেখ মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে আরসা ও আরএসও’র ২০-৩০ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে আধঘণ্টার বেশি সময় ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।
“গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ নামের এক সন্ত্রাসীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় শামসু আলম নামের আরেক সন্ত্রাসী। “
খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, “পরে সেখান থেকে একজনকে মৃত অবস্থায় এবং আহত অবস্থায় একজনকে পাওয়া যায়। এরপর আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। “
শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্টির মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
নিহত শামসুল আলমের ছোট বোন হাসিনা বেগমের দাবি, ভোরে আরসার লোকজন ক্যাম্প থেকে তার ভাইকে ডেকে তাদের সঙ্গে লড়াই করতে পাহাড়ে নিয়ে যায়। বিকালে এসে জানা যায়, ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতা জানিয়েছেন, আরএসও নেতা মৌলভী রহিমুল্লাহ উল্লাহ এবং আরসা নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ দুজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
