গোপালগঞ্জে ভ্যানচাপায় শিশুর মৃত্যু
বাবা-মায়ের বিচ্ছেদের পর তানিশা পশ্চিমপাড়া গ্রামে তার নানা মনিরুজ্জামানের বাড়িতে থাকতো।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাড়ির পাশের সড়কে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলাম।
নিহত সাবিনা ইয়াসমিন (তানিশা) টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সোহান শিকদারের মেয়ে।
বাবা-মায়ের বিচ্ছেদের পর পশ্চিমপাড়া গ্রামে তার নানা মনিরুজ্জামানের বাড়িতে থাকতো পাঁচ বছরের শিশুটি।
এসআই কামরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে রাস্তায় বের হলে একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“এ সময় শিশুটির কান্না শুনে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথেই তানিশার মৃত্যু হয়।”
এসআই জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
