২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিজয়ীর কার্যালয়ে ‘পরাজিত প্রার্থীর’ হামলা

এ বিষয়ে জানতে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতার ফোন নম্বরে একাধিকবার কল করার চেষ্টা চালিয়েও সংযোগ পাওয়া যায়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 08:26 PM

Updated : 22 Jun 2023, 08:26 PM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। 

এ ছাড়া কাউন্সিলরের দুই সমর্থকের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে একই ব্যক্তির বিরুদ্ধে। 

অভিযোগকারী রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহসম্পাদক আবদুস সোবহান লিটন। 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় সম্প্রতি তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। 

লিটনের অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পরপরই বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ তাণ্ডব চালানো হয়।

তার ভাষ্য, “ফলাফল শেষে কেন্দ্র থেকে ফেরার পথে ওই পরাজিত প্রার্থী তার কর্মীদের নিয়ে প্রথমে উজ্জ্বল নামের আমার এক সমর্থকের বাড়িতে হামলা চালায়। এরপর নগরের দড়িখড়বোনা মোড়ে সিটি করপোরেশনের অস্থায়ী ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর দড়িখড়বোনা এলাকায় এনামুল হক নামের আরেক সমর্থকের বাড়িতে হামলা চালানো হয়।” 

এ বিষয়ে জানতে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পরশের ফোন নম্বরে একাধিকবার কল করার চেষ্টা চালিয়েও সংযোগ পাওয়া যায়নি। 

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।