২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকের সঙ্গে মহিষবাহী নছিমনের সংঘর্ষ, রাখাল নিহত

পুলিশ জানায়, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 11:22 AM

Updated : 22 Jan 2024, 11:22 AM

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মহিষবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে মহিষের রাখাল নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান।

নিহত রাকাই মন্ডল (৫০) পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী এলাকার প্রয়াত মন্তাজ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাসুদ বলেন, রাতে নাটোর থেকে পাবনাগামী মহিষবাহী নছিমনটি খেজুরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকাই মণ্ডল মারা যান।

স্থানীয়রা আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আজিত মণ্ডল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক ও নছিমনটি তাদের হেফাজতে আছে জানিয়ে হাইওয়ে পুলিশের ওসি আরও বলেন, “তবে যান দুটির চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”