দাম্মামে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের এক পরিবারের তিনজনের নিহতের খবর
শনিবার সকালে ওমরাহ পালন শেষে মোবারকের পরিবার মক্কা থেকে গাড়িতে করে দাম্মামের বাসায় ফিরছিলেন।
সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় শনিবার ফরিদপুরের একটি প্রবাসী পরিবারের তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। খবর পাওয়ার পর ওই পরিবারে শোকের মাতম চলছে।
নিহতরা হলেন- ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরের শেখ মোহাম্মদ আলী ওরফে মোহন শেখের বড় ছেলে মোবারক হোসেন (৪৮), মোবারকের দশম শ্রেণি পড়ুয়া ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে মাহিয়া মাহি (১৪)।
এ ঘটনায় আহতরা হলেন- মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার জানিয়েছে, তাদের আদি বাড়ি চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের গাজিরটেক গ্রামে। নদী ভাঙনের পর তারা শহরে চলে আসেন। মোবারক হোসেন প্রায় দুই যুগ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করছিলেন। মোবারক ফোরম্যানের চাকরি নিয়ে সৌদি আরবে যান। সেখানে এখন তার একটি গাড়ি মেরামতের দোকান রয়েছে।
মোবারক চার মাস আগে পরিবারের সবাইকে নিয়ে দেশের বাড়িতে এসেছিলেন। তার আরও তিন ভাই সেদেশে রয়েছেন। ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বাবা-মায়ের সঙ্গে দেশেই থাকেন।
জাহাঙ্গীর হোসেন রোববার সাংবাদিকদের বলেন, বুধবার রাতে বড় ভাই মোবারক হোসেন তাদের ফোন করে জানান, পরদিন বৃহস্পতিবার পরিবারের সবাই ওমরাহ করতে মক্কায় যাবেন। বড় মেয়ে মিথিলা ফারজানা মীম কানাডা চলে যাবে আর বাচ্চাদেরও পরীক্ষা শেষ হয়েছে তাই তারা ওমরায় যাবেন।
তিনি বলেন, “এটিই ছিলো তাদের সঙ্গে শেষ কথা। এরপর শনিবার দুর্ঘটনা ঘটার দুই ঘণ্টা পর অন্য ভাইদের মাধ্যমে জানতে পারি, বড় ভাইয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তবে মৃত্যুর খবর প্রথমে জানানো হয়নি।
“দুর্ঘটনার সংবাদ পেয়ে দেশ থেকে মোবারকের শ্যালক সৌদি আরব রওনা হয়েছেন। এ ছাড়া প্রবাসে থাকা দুই ভাই আহত ও নিহতদের কাছে রয়েছেন।
জাহাঙ্গীর কান্নাজড়িত কন্ঠে বলেন, “সরকারের কাছে অনুরোধ, এই রেমিটেন্স যোদ্ধার লাশটি যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়।”
দুপুরে শহরের দক্ষিণ চরকমলাপুরের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারটিতে শোকের মাতম চলছে। প্রতিবেশিরা তাদের সান্ত্বনা দিতে এসেছেন। বৃদ্ধা মা অসুস্থ আলেয়া বেগম এ খবর জানার পর থেকেই বাকরুদ্ধ হয়ে গেছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে ওমরাহ পালন শেষে মোবারকের পরিবার মক্কা থেকে গাড়িতে করে দাম্মামের বাসায় ফিরছিলেন। পথে আল-কাসিম নামক স্থানে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে জোরে ধাক্কা দেয়। এতে মোবারকের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন।
পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মোবারকের বাবা শেখ মোহম্মদ আলী কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, বড় নাতনি মীমের কানাডা যাওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছিল। তার আগে তারা পরিবার নিয়ে ওমরাহ করতে যায়।
তিনি বলেন, “আমার ছেলে আর দুই নাতির জীবন শেষ হয়ে গেছে এই দুর্ঘটনায়।”
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, “আমরা বিষয়টি সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। তাদের মরদেহ আনার ব্যাপারে পরিবারের দাবির কথা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।”
