ফেনীতে হিউম্যান হলার চাপায় গেল মাদরাসা শিক্ষার্থীর প্রাণ
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিশাত রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিল।
ফেনীতে হিউম্যান হলার চাপায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।
নিহত মো. নিশাত (১৪) সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তানজিমুল উম্মাহ মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিশাতের পরিবার দীর্ঘদিন ধরে ফেনী শহরের লাতুমিয়া সড়ক এলাকায় ভাড়া বাসায় থাকে। রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিল সে। এ সময় একটি হিউম্যান হলার পেছন থেকে নিশাতকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিশাতকে মৃত ঘোষণা করেন।
ওসি শহিদুল চৌধুরী আরও জানান, নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হিউম্যান হলারটি আটক ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
