আগামীতে শিক্ষাই হবে দেশের মেগা প্রজেক্ট: চাঁদপুরে শিক্ষামন্ত্রী
“বাজেটে বলপেনের দাম বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। তবে আলোচনায় আমাদের প্রস্তাব থাকবে, যেন দাম বাড়ানো না হয়।”
শিক্ষায় বরাদ্দ কিছুটা কমলেও আগামীতে শিক্ষাই দেশের মেগা প্রজেক্ট হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
দীপু মনি বলেন, “আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, এগুলো শেষ হয়ে গেলে আমি আশা করি, শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো, যে বরাদ্দ হয় সেটিকে সঠিকভাবে কাজে লাগানো।”
শনিবার দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিবছরই বাজেটে বরাদ্দ বাড়ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, “গত বছরের তুলনায় এ বছরও বাজেট বেড়েছে। একইসঙ্গে আমাদের জিডিপির আকার তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে।
“আমাদের সবচেয়ে যেটি দরকার, সেটি হচ্ছে- গবেষণা। গবেষণায় এবারো থোক বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বিগত দিনে তাদের বরাদ্দ কাজে লাগাতে পারেনি। এ বছর তারা বরাদ্দ কাজে লাগাবে বলে আশা করছি।”
বাজেটে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “বলপেনের দাম বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। এ বিষয়ে আলোচনা হবে। আশা করি, সেই আলোচনায় আমাদের প্রস্তাব থাকবে, যেন কলমের দাম না বাড়ানো হয়।
“আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, টেকসই প্রযুক্তি ব্যবহার করছি, অবকাঠামোগত উন্নয়ন করছি এবং সবচেয়ে জরুরি যেটি- শিক্ষক প্রশিক্ষণ, সেটিও আমরা ব্যাপকভাবে করছি।”
অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি উপস্থিত ছিলেন।
