২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘আরসা’র তিন সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় এপিবিএন।

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘আরসা’র তিন সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 08:42 PM

Updated : 03 Apr 2023, 08:42 PM

কক্সবাজারে উখিয়া আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র সদস্য বলছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। 

সোমবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান।

গ্রেপ্তাররা হলেন আশ্রয় শিবিরের এম-২ ব্লকের মোহাম্মদ জলিলের ছেলে হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান (২০), এম-১ ব্লকের আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫) ও ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের (৩৫)। 

এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তারা মিয়ানমারের সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’র সদস্য। 

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, “আশ্রয় শিবিরের কে-৯ ব্লকে কয়েকজন রোহিঙ্গার সশস্ত্র অবস্থায় জড়ো হওয়ার খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়।

“এ সময় সন্দেহজনক ৫-৬ জন লোক এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।” 

তিনি আরও জানান, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে দেশে তৈরি একটি বন্দুক, দুইটি পিস্তলের গুলি ও দুইটি রাইফেলের গুলি পাওয়া গেছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান ফারুক আহমেদ।