গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয়টি গুলি জব্দ করা হয়।
গাজীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে এসআরবি।
বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১ পোড়াবাড়ি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার দেবজিত পাল।
আটক রাসেল রানা (৩৮) উপজেলার জানাকুর গ্রামের বাসিন্দা।
এসআরবি জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে এসআরবি-১ গাজীপুর ও উত্তরার যৌথ দল রাসেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয়টি গুলি জব্দ করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর পেছনে কোনো চক্র জড়িত আছে কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এসআরবি কর্মকর্তা দেবজিত পাল বলেন, রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
