২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে পড়েছিল প্রবাসী পুত্রসহ পিতার লাশ, পাশে দুমড়ানো মোটরবাইক

কুষ্টিয়া জেলা শহর থেকে বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী কোনো যান চাপা দেয় তাদের, ধারণা পুলিশের।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 12:05 AM

Updated : 29 Oct 2022, 12:07 AM

কুষ্টিয়ার সড়কে গাড়ি চাপায় মটরসাইকেল আরোহী পিতাপুত্র নিহত হয়েছেন। 

নিহত শাজাহান আলী (৫৫) ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী এবং তার ছেলে শামীম আহম্মেদ (২৮) লিবিয়া প্রবাসী। কুষ্টিয়া সদরের উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের বাসিন্দা তারা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের গজনবীপুর গ্রামের লালন ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনায় দ্রুতগামী কোনো একটি যানবাহনের চাকায় চাপা পড়া পিতাপুত্রের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পথচারীরা হাইওয়ে পুলিশে খবর দেন।

এরপর ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মটরসাইকেলসহ দুজনের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য জেলার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক দেবব্রত রায়।

তিনি জানান, লালন ফিলিং স্টেশনের কাছের এ দুর্ঘটনায় আহতরা ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনাকবলিত মটরসাইকেলের আরোহীরা কুষ্টিয়া শহর থেকে তাদের বাড়ি অভিমুখে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বড় ধরনের দ্রুতগামী যানবাহন পিছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার উপর পড়ে যান। পরে ওই গাড়ির অথবা অন্য কোন দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।