রংপুরে ২১ কেজির কালো পাথরের কালী মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে হেফাজতে রাখা ও পাচারের চেষ্টার অভিযোগে রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুরের পীরগাছা উপজেলায় একটি বাড়ি থেকে কালো পাথরের কালী মূর্তি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
এ ঘটনায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামে রজব আলীর বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
রজব আলী (৬৫) ওই গ্রামের ফজর আলীর ছেলে।
বিপ্লব কুমার গোস্বামী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালো পাথরের কালী মূর্তি ও এর একটি ভাঙা অংশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে হেফাজতে রাখা ও পাচারের চেষ্টার অভিযোগে রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এসআরবি বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
এসআরবির এই কর্মকর্তা বলেন, উদ্ধার করা মূর্তি ও গ্রেপ্তার রজব আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
