গোপালগঞ্জে পেট্রোলের দোকানে আগুনে পুড়েছে ‘কোটি’ টাকার জ্বালানি
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জে একটি জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ‘এক কোটি’ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার স ম আরিফুল হক জানান।
আগুন নেভাতে গিয়ে তিনি ও ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শাহ আলম ভূঁইয়া আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শাহ আলম ভূঁইয়া জানান, তার দোকানে পেট্রোল, লুব অয়েল, ডিজেল ও অকটেন বিক্রি করেন। আগুন লাগার সময় দোকানে নগদ ৮৩ হাজার টাকা, আনুমানিক ২৩ লাখ ৬৮ হাজার টাকার লুব অয়েল ও ৬০ থেকে ৬৫ ব্যারেল পেট্রোল, অকটেন ও ডিজেল ছিল।
“আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।”
শাহ আলমের বাবা জুলফিকার ভূঁইয়া বলেন, “দোকানের গ্যালনে ড্রাম থেকে পেট্রোল ঢালার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন দোকানে থাকা অন্য ব্যারেলে ছড়িয়ে পড়ে। এতে দোকানে মজুদ থাকা অধিকাংশ মালামালই পুড়ে গেছে।”
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“বৈদ্যুতিক শর্ট সার্কিট বা প্রচণ্ড তাপদাহের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি,” বলেন আরিফুল হক।
