২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যায় ১০ বছরের কারাদণ্ড

মামলার চার আসামির তিনজনের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় শুধু একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 09:11 PM

Updated : 17 Jan 2024, 09:24 PM

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে ছয় বছর আগে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন বলে আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান।

দণ্ডিত ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার সানু মিয়ার ছেলে। রায় ঘোষষার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলায় বলা হয়, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে ওই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী চার সন্তানের জননী জোসনা বেগমকে হত্যা করা হয়।

এ ঘটনায় জোসনার বাবা আব্দুল মন্নাফ বাদি হয়ে ছাত্তারসহ চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ ছাত্তারকে গ্রেপ্তার করলে ১৬৪ ধারা জবানবন্দিতে তিনি হত্যার ছুরিকাঘাতের কথা স্বীকারও করেন।

একই বছর ৫ নভেম্বর তদন্তে তদন্তকারী কর্মকর্তা চারজন আসামির তিনজনের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় শুধু ছাত্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

ছাত্তারকে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক।

দিদারুল আরও জানান, ছাত্তারকে ইতোমধ্যে যে হাজতবাস করেছে, তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে।