বিএনপি-জামায়াত বিরোধের রাজনীতির ধারক-বাহক: ইনু
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা হয়।
বিএনপি-জামায়াতসহ উগ্রবাদী শক্তিগুলো বিরোধের রাজনীতির ধারক-বাহক বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, “এরা বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান মানে না। এরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার পক্ষে সাফাই গায়। এরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক ধারাকে নিশ্চিহ্ন করতে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কর্নেল তাহেরকে হত্যা করেছে ও শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছে।”
শনিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
দেশের রাজনীতির বর্তমান অস্থিরতা, সংঘাত ও সংঘর্ষ নতুন নয়- উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, এটা '৫২, '৭১ ও '৭৫-এর পুরাতন বিরোধের বহিঃপ্রকাশ।
ফেনী শহরের একটি গণমিলনায়তনে জেলা জাসদের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, সহসভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক।
সভায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জাসদের নেতারা উপস্থিত ছিলেন।
