মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়।
মাদারীপুরের শিবচর উপজেলায় এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান।
নিহত কাবুল বেপারী (৪০) উপজেলার রাজারচর তাহের বেপারিরকান্দী এলাকার প্রয়াত মোসলেম বেপারীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, সোমবার সকালে ওই এলাকায় রাস্তা পার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক কাবুল বেপারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়; পুলিশ মরদেহ উদ্ধার করে।
“ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন এসআই বাকী।
