২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা নীতি দেশের জনগণের লজ্জার হলেও বিএনপি খুশি: খাদ্যমন্ত্রী

তিনি বলেন, “এমন কোনো খাত নেই, যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি।”

ভিসা নীতি দেশের জনগণের লজ্জার হলেও বিএনপি খুশি: খাদ্যমন্ত্রী

নওগাঁর পোরশায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 10:57 PM

Updated : 28 May 2023, 10:57 PM

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার হলেও বিএনপি এতে খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “তারা দেশের মানুষের জন্য রাজনীতি করে না। “ 

রোববার সকালে নওগাঁর পোরশা উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সকল পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। তিনি ছিলেন শান্তির প্রতীক। তার  অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।“

সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “এমন কোনো খাত নেই, যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। কমিউনিটি ক্লিনিক গরীব মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করে শেখ হাসিনার সরকার। বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। অথচ প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল বিবেচিত হচ্ছে।” 

Image

নওগাঁর পোরশায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “দেশে বাম্পার ফলন হচ্ছে; খাদ্যের সংকট হবে না। কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিল। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের।“ 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, থানা ওসি জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

পরে খাদ্যমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে সাধন চন্দ্র মজুমদার কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরে তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।