২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সবজি ক্ষেতে মিলল নারীর গলাকাটা মরদেহ

নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে; প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

নারায়ণগঞ্জে সবজি ক্ষেতে মিলল নারীর গলাকাটা মরদেহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2023, 07:38 PM

Updated : 17 Mar 2023, 07:38 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি সবজি ক্ষেত থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জাকির রাব্বানী।

নিহত ৩৪ বছর বয়সী রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কাটেবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে৷

জাকির রাব্বানী বলেন, সবজি ক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়৷

“নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে৷ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সোনারগাঁয় থানার ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে হত্যাকারীদের শনাক্তে তদন্তে নেমেছে পুলিশ।