২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পদ্মার ভাঙনে ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ভবন

মঙ্গলবার রাত দুইটার মধ্যেই ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ভেঙে পদ্মায় তলিয়ে যায়।

মানিকগঞ্জে পদ্মার ভাঙনে ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ভবন

পদ্মার ভাঙনে এভাবেই ভেঙে পড়েছে মানিকগঞ্জের হরিরামপুরের একটি প্রাথমিক বিদ্যালয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 01:29 PM

Updated : 23 Aug 2023, 01:29 PM

এক রাতের মধ্যেই পদ্মার ভাঙনে প্রায় অর্ধেক ভেঙে গেছে মানিকগঞ্জের হরিরামপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন।

মঙ্গলবার রাতে ধূলসড়া ইউনিয়নের ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির অর্ধেক অংশ ভেঙে পদ্মার গর্ভে চলে গেছে বলে বুধবার সকালে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান।

এর আগে সোমবার রাতে ৩০ মিনিটের ভাঙনেই নদীগর্ভে বিলীন হয় স্থানীয়দের ১২টি বাড়ি।

ইউপি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দুইটার মধ্যেই ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ভেঙে পদ্মায় তলিয়ে যায়। এর আগে সোমবার রাত ৯টার দিকে আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনে নিঃস্ব হয়েছে ১২টি পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্কুলসহ অর্ধশতাধিক বাড়িঘর।

এরই মধ্যে ভাঙন রোধে কাজ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, “সকালেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও এসেছিলেন। পানি উন্নয়ন বোর্ডও কাজ শুরু করেছে।”

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন জানান, আপৎকালীন সময়ের জন্য ১ হাজার ২০০ মিটার এলাকায় কাজ শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেও আমাদের কর্মীরা জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘর রক্ষা করতেও আমরা কাজ করছি, আশা করি ভাঙন রোধ করা সম্ভব হবে।