নরসিংদী সড়কে কভার্ডভ্যান চাপায় গীতিকার নিহত
তিনি দৈনিক যায় যায় দিন পত্রিকার ঢাকা অফিসের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক গীতিকারের প্রাণ গেছে।
উপজেলার মরজাল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেলক হক জানান।
নিহত ওমর ফারুক বিশাল (৩৫) নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক যায় যায় দিন পত্রিকার সাবেক সাব এডিটর ছিলেন। এছাড়া তিনি আরও কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন এবং একই সময়ে গান লিখেছেন ও সুর করেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেল চালক ইমাম হোসেন সুজন (৩৫)। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, ছুটিতে গ্রামের বাড়ি আসেন ওমর। সকালে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব থেকে ঢাকায় যাওয়ার উদ্যেশ্যে বন্ধু সুজনের মোটরসাইকেলে রওনা হন তিনি। পথে মরজাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
ওসি মোজাম্মেলক বলেন, সিলেটগামী কভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর এবং মোটরসাইকেল ও কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
