টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার দরুন এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান।
নিহত সোরমান রেজা (৩৮) উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
নিহতের ভাই হালিম রেজা বলেন, “আমার ভাই ব্যবসা করার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হন। কীভাবে কী হলো কিছু বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তিনি বলেন, সোরমান বিএনপির একজন কর্মী ছিলেন।
টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।
