‘জঙ্গি হামলার হুমকি’, সিলেটে আওয়ামী লীগ নেতার জিডি
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার বুধবার কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।
জঙ্গি হামলার হুমকি পাওয়ার অভিযোগ করে সিলেটের আওয়ামী লীগ নেতা ও জজ আদালতের অতিরিক্ত পিপি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি রনজিত চন্দ্র সরকার এই সাধারণ ডায়েরি-জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত সোমবার [৭ নভেম্বর] একটি পত্রিকার এক সংবাদে তিনি দেখতে পান জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগীবাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিসকে, জঙ্গিরা যাকে ইসা নামে চেনে, গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
“আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে আমার ওপর হামলার ছক আঁকার কথা বলেছে। সে মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছে।”
জবানবন্দির বরাতে জিডিতে আরও বলা হয়, ২০২০ সালে সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। জঙ্গি ইসার ভাষ্য ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তার বিশ্বাস সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের কারণে অপরাধীরা পার পেয়েছেন।
সংবাদটি পড়ে তিনি ‘হতবাক’ ও ‘বাকরুদ্ধ’ হয়েছেন উল্লেখ করে বলেন, “আমার সন্দেহ হচ্ছে জঙ্গি সংগঠনসহ আমার যেকোনো প্রতিপক্ষ আমার জীবন নাশসহ যেকোনো ক্ষতিসাধন করতে পারে। তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা ও পরামর্শ করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।”
