২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকের ‘নিজেদের মধ্যে’ সংঘর্ষে আহত ১৩

আহতদের মধ্যে ১১জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 05:04 PM

Updated : 09 Jan 2024, 05:04 PM

সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি বসতঘরে ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার গাবুরা এলাকায় সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের জাফর গাজীর ছেলে আব্দুন নুর (৪৫) ও তার স্ত্রী পারভিন (৪০), আলমগীর (৩৮), শামসুদ্দিন গাজী (৭০), আলতাফ হোসেন (৩৫), ফজিলা (৪০), শরিফা (৩০) ও ওয়াজেদ (৫৫), মহিদুল সরদার (৪৮), আবদুল্লাহ (৩০) ও মোস্তফা (৪৫)।

তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুইজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি কালাম জানান, গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাস্টার আব্দুর রহিম ও গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে।

ঘটনার বর্ণনায় শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাউদ-উজ-জামান সাইদ জানান, সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক দোলন জয়ী হন। সকালে দোলনকে শুভেচ্ছা জানাতে মিজানুর রহমান শ্যামনগরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে যান। এ সময় দোলেনের আরেক সমর্থক রহিম মাস্টারের লোকজন মিজানকে উদ্দেশ্য করে ‘ভোট দিস নাই, এখন আসছিস কেন’ বলে গালিগালাজ করতে থাকে।

এ সময় মিজান প্রতিবাদ করলে রহিমের সমর্থকরা তার ওপর হামলা করে বলে মিজানের বরাতে জানান সাউদ-উজ-জামান।

তিনি বলেন, “শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

“এ সময় মিজানের মোটরসাইকেলের চালক আমিনুর রহমানকে বেধড়ক মারধর করা হয়। এর জেরে তার সমর্থকরা রহিমের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে ও কয়েকজনকে পিটিয়ে আহত করে।”

ওসি কালাম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”