২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ষড়যন্ত্রমূলক কিছু হতে দেব না: মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধে হরিরামপুরের হরিণা ক্যাম্প (তৎকালীন সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের উপর নির্মিত ম্যুরালও উদ্বোধন করেছেন মন্ত্রী।

দেশে ষড়যন্ত্রমূলক কিছু হতে দেব না: মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

নটাখোলা পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 08:23 PM

Updated : 22 Jul 2023, 08:23 PM

দেশে ষড়যন্ত্রমূলক কোনো কিছু হতে দেবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নে নটাখোলা পুলিশ ফাঁড়ি এবং মুক্তিযুদ্ধে হরিরামপুরের হরিণা ক্যাম্প (তৎকালীন সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের উপর নির্মিত ম্যুরাল উদ্বোধন শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দারিদ্র্যমুক্ত, ক্ষুধা মুক্ত, সবার জন্য বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই বাংলাদেশ- এমন বিশ্বাস নিয়ে এগিয়ে এসেছি আমাদের কাঙ্খিত জায়গায়।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যত অর্জন সব বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সে স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী।”

উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “যে আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। আজ সেই আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ডেভেলপমেন্ট দেখতে চাও- বাংলাদেশে যাও।” 

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য বেনজীর আহমদ, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু।