নেত্রকোণায় বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
নেত্রকোণা সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের প্রাণ গেছে; আহত হয়েছে একই পরিবারের আরও চারজন।
রোববার বিকালে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজারে এ ঘটনা ঘটে বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক জানান।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তার ছেলে বনি আমিন (১২)।
আহতরা হলেন- আবুল হাশেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার (২)। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অটোরিকশায় করে আলাউদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণার আটপাড়া উপজেলায় তার খালা শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
“পথে সাকুয়া বাজারে পৌঁছালে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই বনি আমিন মারা যায়।
“স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে; তবে চালক পলাতক রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
