২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের জন্য ভোট চাওয়া সেই ওসি পুলিশ লাইন্সে সংযুক্ত

“প্রশাসনিক কারণে ওসি শ্যামল চন্দ্র ধরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”

আওয়ামী লীগের জন্য ভোট চাওয়া সেই ওসি পুলিশ লাইন্সে সংযুক্ত

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 09:23 PM

Updated : 25 Aug 2023, 09:23 PM

আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য ভোট চাওয়া দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে ওসি শ্যামল তার বক্তব্যে আওয়ামী লীগকে পুনরায় বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ওসির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনার শুরু হয়।

এর মধ্যেই শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কান্তি চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রশাসনিক কারণে ওসি শ্যামল চন্দ্র ধরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”

ওসি তার বক্তব্যে বলছিলেন, “সামনে আমাদের নির্বাচন আসছে। আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের কাজ করে আগামী সরকার, যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে আমার সালাম দিয়ে শেষ করলাম আজকের বক্তব্য।” 

এর আগে ১৫ অগাস্ট কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আবার ভোট দিয়ে নির্বাচিত করার কথা বলেছিলেন স্থানীয় ওসি মো. ফারুক হোসেন। 

সেসময় তার ভোট চাওয়ার ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে বদলি করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

ভোটে আওয়ামী লীগকে জেতাতে হবে, বক্তব্য আরেক ওসির
অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান ওসির, ভিডিও ভাইরাল