গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট
শিল্প পুলিশ জানায়, কারখানা কর্তৃপক্ষ ২০ জানুয়ারি বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহমহাসড়কে টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেডে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুটি ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয় কারখানাটি। অক্টোবর ও নভেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।
সকালে কাজে যোগ দেওয়ার পরে বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন ইউনিট-১ এর প্রায় সাতশ শ্রমিক। পরে বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা।
কারখানাটির অপারেটর স্বপ্না বলেন, “প্রতি মাসের ২৫ তারিখ থেকে বেতন দেওয়ার কথা থাকলেও দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।”
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন বলেন, বেতন নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দীর্ঘদিনের সমস্যা। তারা নিয়মিত বেতন দেয় না। এ নিয়ে শ্রমিকরা মাঝে মধ্যেই আন্দোলন-বিক্ষোভ করেন।
কারখানা কর্তৃপক্ষ ২০ জানুয়ারি বকেয়া পরিশোধের আশ্বাসে দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান বলে জানান তিনি।
