মেঘনায় ট্রলার ডুবে ১ জেলে নিখোঁজ, উদ্ধার ৬
নিখোঁজ ২০ বছর বয়সী মৃদুল হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
সোমবার উপজেলার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত কুমার সাহা জানান, আগের রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ২০ বছর বয়সী মৃদুল হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।
এসআই অমিত বলেন, “নলচিরা ঘাট থেকে একটি বাল্কহেড চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় মাছ ধরার ট্রলারটি সাত জেলেসহ মাছ ধরার জন্য সেখানে অপেক্ষা করছিল।
“বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় পাশে থাকা আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা ছয় জেলেকে জীবিত উদ্ধার করে।”
নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলচ্ছে বলে জানান অমিত।
