২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে ফরিদপুরে ভাবিকে কুপিয়ে হত্যা দেবরের

আব্দুর রব অনেক আগেই তার জমি-জমা সব বিক্রি করে দিয়েছেন। তার স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন, আর তিনি ভাইয়ের বাড়িতে থাকতেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 10:41 AM

Updated : 16 Aug 2023, 10:41 AM

ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাবিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে শহরের কমলাপুর লালের মোড় এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি এম এ জলিল।

নিহত মাজেদা পারভিন (৪৩) স্বামী রাজা মিয়ার সঙ্গে ওই বাড়িতে থাকেন। তাদের ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে এবং মেয়েকে বিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন রাজা মিয়ার মেঝ ভাই আব্দুর রব (৭০)। 

নিহতের ছেলে রুহুল আমিন বলেন, “আমার চাচা আব্দুর রব অনেক আগেই তার জমি-জমা সব বিক্রি করে দিয়েছেন। তার স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন। 

“তার সব কিছু যখন শেষ হয়ে গেছে, তখন আমার আব্বা তাকে দুই শতাংশ জমি দিয়েছিল। পরে আমার চাচা আমাদের কাছে ওই জমি বিক্রি করে দেয়। কিছুদিন আগে সেই টাকাও পরিশোধ করে দেই আমরা।”

রুহুল আমিন আরও বলেন, “কিন্তু মঙ্গলবার বিকালে আমার মায়ের কাছে টাকা চাইতে যায় চাচা। তখন মা বলেন- টাকাতো পরিশোধ হয়ে গেছে। এরপরই ক্ষিপ্ত হয়ে আমার চাচা মায়ের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। ” 

ওসি এম. এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর থেকেই আব্দুর রব পলাতক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।