২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পাবনায় অবৈধভাবে মজুত করা ৩৮১ বস্তা সার জব্দ, দুজনকে জরিমানা

বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়া সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 07:59 PM

Updated : 27 Sep 2026, 07:59 PM

পাবনা সদর উপজেলায় দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অভিযান চালায় বলে জানান পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।

অভিযানে উপজেলার দুবলিয়া বাজারে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজের গুদাম থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়। অনুমোদন ছাড়া সার মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ব্যবসায়ী আবদুল মান্নানের গুদাম থেকে ২৫১ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়া সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান চালানো হয়।

ইউএনও তামারা তাসবিহা বলেন, কৃষকদের সুরক্ষা ও সারের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।