বহুতল ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে মাদ্রাসা ছাত্রী নিহত
স্থানীয়রা আহত আবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী পড়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান।
মৃত ফাতেমা খাতুন (৮) ময়মনসিংহ সদর থানার চরভবানীপুর কোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
আমিনুল পরিবার নিয়ে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করে। তার মেয়ে ফাতেমা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিলো।
আমিনুল বলেন, “মাওনা উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলাম খান স্বপনের বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। বেলা সাড়ে ১১টার দিকে ফাতেমা ওই ভবনের নিচে খেলা করছিলো। এ সময় শ্রমিকরা ভবনের চার তলার ছাদ থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও প্লাস্টারের অংশ নিচে ফেললে তা ফাতেমার উপর পড়ে।
“এতে ফাতেমা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
ঘটনার পর ভবনের মালিক রফিকুল ইসলাম খান স্বপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আর ঠিকাদার হানিফ মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
