২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে লরি-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

কক্সবাজারে লরি-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 05:27 PM

Updated : 24 Aug 2023, 05:27 PM

কক্সবাজারের চকরিয়ায় লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মা ও মেয়ের। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র জানান।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৮)।

আহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং অটোরিকশার চালক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে এসআই খোকন বলেন, দুপুর ২টার দিকে বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত লরি ও অটোরিকশাটি জব্দ করেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।