১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে স্ত্রী হত্যায় একজনের যাবজ্জীবন

২০১৮ সালে বাড়ির পাশের কোদলা নদীতে নিয়ে ডুবিয়ে রেহেনাকে হত্যা করেন রাশেদুল।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 03:48 PM

Updated : 25 Apr 2024, 03:48 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার ঝিনাইদহের দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল মতিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সাদাতুর রহমান হাদি জানান।

দণ্ডিত রাশেদুল ইসলাম ওই উপজেলার জুলুলী গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সঙ্গে রেহেনা খাতুনের বিয়ে হয়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রাশেদুল রেহেনাকে নির্যাতন করে আসছিলেন।

এরপর রাশেদুল আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর রেহানার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন।

এরপর ২০১৮ সালের ২৩ জুলাই ভোরে বাড়ির পাশের কোদলা নদীতে নিয়ে ডুবিয়ে রেহেনাকে হত্যা করেন। পরে রাশেদুল প্রচার করেন যে, রেহেনা গোসল করতে নেমে ডুবে মারা গেছেন।

এ ঘটনার পাঁচ দিন পর ২৮ জুলাই রেহেনার বাবা মতলেব আলী বাদী হয়ে রাশেদুলের বিরুদ্ধে মহেশপুর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তাকে গ্রেপ্তার করলে রাশেদুল আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার এ রায় দেয়।