২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিনজনের

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:04 PM

Updated : 05 Sep 2022, 09:04 PM

Image

লাকসাম রেলওয়ে থানা

কুমিল্লা সদর ও লাকসাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে ও সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুর্ঘটনা তিনটি ঘটেছে বলে জানান লাকসাম রেলওয়ে থানার এসআই শহীদ রহমান।

নিহত শহীদ উদ্দিন মিজি (৬২) চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দি এলাকার প্রয়াত রমজান আলী মিজির ছেলে। লাকসামে নিহত দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই শহীদ রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস সোমবার বেলা সাড়ে ৩টার দিকে লাকসাম জংশন স্টেশনে প্রবেশের সময় আনুমানিক ৫৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ট্রেনটির ইঞ্জিনের চাকার সঙ্গে আটকে গিয়ে মারা যান। পরে ট্রেন থামলে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

“লাকসাম রেলওয়ে জংশনের নিরাপত্তা বাহিনীর কার্যালয়ের একটু দূর দিয়ে ওই লোকটি রেলপথ পার হচ্ছিলেন।”

এদিকে, রোববার রাত ৯টার দিকে লাকসামের কোমড্ডা এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয় বলে এসআই শহীদ জানান।

রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।

একই থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান, রোববার সন্ধ্যার পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকায় ট্রেনে কাটা পড়ে শহীদ উদ্দিন মিজির মৃত্যু হয়।

তিনি জানান, রাতে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে; সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।