১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উচ্চ আদালতের চার সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল বিএনপির খোকনের।

ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 08:26 PM

Updated : 28 Jul 2023, 10:40 AM

নরসিংদী জেলা শাখার দুই ছাত্রদল নেতা হত্যার মামলার প্রধান আসামি বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

বৃহস্পতিবার খোকনের আদালতে আত্মসমর্পণে সময় চেয়ে করা আবেদন নামঞ্জুর করে নরসিংদী জেলা ও দায়রা জজ মুশতাক আহমেদ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম বাবু। 

আইনজীবী সফিকুল বলেন, “উচ্চ আদালতের চার সপ্তাহ জামিন শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের।

“কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে হাজির হতে সময় চেয়ে আবেদন করেছেন। আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।” 

পুরনো খবর:

নরসিংদীর ছাত্রদল নেতা হত্যায় আসামি খোকন-শিরিন
নরসিংদীতে ছাত্রদল নেতা খুন: অভিযোগের আঙুল খোকনের দিকে

খোকনের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, খোকন শারীরিক ও মানসিক অসুস্থতা, একইসাথে তাঁর জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তার পক্ষে আদালতে আত্মসমর্পণের সময় চেয়ে আবেদন করেছিলেন। 

এদিকে বৃহস্পতিবার নিম্ন আদালতে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের  আত্মসমর্পণের শেষ দিনে উপস্থিত থাকার কথা থাকলে আদালত চত্ত্বর ঘিরে কঠোর পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। 

সকাল থেকে শহরের ডিসি রোডের নতুন শিল্পকলা একাডেমির প্রবেশ পথ মোড় থেকে জেলখানা মোড় আসা এসপি অফিসের পথে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (ডিএসবি) জানান, "আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রয়োজন সাপেক্ষে নিয়ে থাকি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।"

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি থেকে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ঘোষিত জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবি ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে আসছিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। 

এর জের ধরে গত ২৫ মে বিক্ষোভের সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ২ ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম। 

এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি করে ও তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করেন নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন। 

আরও পড়ুন -