১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতা নিহত

হতাহতরা ছাত্রদলের জেলা কমিটি থেকে পদবঞ্চিত বলে জানা গেছে।

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতা নিহত

নিহত সাদেকুর রহমান

নরসিংদী প্রতিনিধি

ও জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2023, 08:34 PM

Updated : 26 May 2023, 12:21 PM

নরসিংদী সদরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে সংগঠনটির এক নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরতলীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ই. ফজল-ই-খুদা।

নিহত সাদেকুর রহমান (৩২) নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

আহত আশরাফুল ইসলাম (২০) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট (আংশিক) জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি থেকে সদ্য বহিষ্কৃত সহসভাপতি মাইন উদ্দিন ভুইয়া বলেন, কমিটি ঘোষণার পর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন পদ না পাওয়া সংগঠনের একাংশের নেতা-কর্মীরা।

এর জেরে দুপক্ষের বিরোধের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবনে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

Image

আহত আশরাফুল ইসলাম

পুলিশ জানায়, বৃহস্পতিবার চিনিশপুরে বিএনপির কার্যালয়ের পাশে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ করছিলেন জেলা কমিটিতে পদ না পাওয়া একদল নেতা-কর্মী। এ সময় আরেকটি পক্ষের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে মাথা ও পিঠে গুলিবিদ্ধ হন সাদেক ও আশরাফুল।

আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সোয়া ৭টায় সাদেকুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।”

কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।