২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

পিপি বলেন, ২০১৭ সালে যৌতুকের দাবিতে হাসনাকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান শরীফুল।

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরের সদর উপজেলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 02:55 PM

Updated : 30 Oct 2023, 06:56 PM

নাটোরে সদর উপজেলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীফুল ইসলাম (৩২) ওই উপজেলার দিঘাপতিয়ার করোটা এলাকার  বাসিন্দা।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, বিয়ের কিছুদিন পর ২০১৪ সালের নভেম্বরে যৌতুকের জন্য স্ত্রী হাসনা হেনাকে মারপিট, অত্যাচার ও নির্যাতন করতে থাকে তার স্বামী শরীফুল ইসলাম।

এ সব কারণে ২০১৫ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এক বছর পরে যৌতুকের জন্য আর নির্যাতন করবে না অঙ্গীকার করলে তাদের আবার বিবাহ হয়।

কিন্তু আবার যৌতুকের জন্য অত্যাচার করলে হাসনার পরিবার মেয়ের কথা ভেবে এক লাখ টাকা দিলে দুই লাখ টাকার জন্য দাবি করেন শরীফুল। এর মধ্যে সাত মাসের অন্তঃসত্ত্বা হন হাসনা।

২০১৭ সালের ৩১ অগাস্ট রাত ৯টার দিকে যৌতুকের টাকার জন্য মারপিট করে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান শরীফুল।

এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

Image

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

স্ত্রীকে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নাটোরের জেলা ও জ্যেষ্ঠ দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে  এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম জানান।

দণ্ডিত মো. শফিকুল ইসলাম শফিক (৪৯) ওই উপজেলার রানীনগর এলাকার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালে ওই উপজেলার বেড়গঙ্গারামপুর এলাকার আকবর হোসেনের ছোট বোন রোকেয়া বেগমের সঙ্গে শফিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শফিক রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

২০১৭ সালের ২৭ মে বিকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে ডান হাতে ও পিঠে কোপ দিয়ে রোকেয়া মাটিতে পড়ে ছটফট করতে থাকলে। এরপর তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে শফিক।

এতে ঘটনাস্থলেই রোকেয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচার কাজ শেষে  আদালত এ রায় দেয়।

এছাড়া রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বরে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।