২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়কে প্রাণ গেল সহোদর চালক-হেলপারের

ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী ভাই বাহনটিতে আটকে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 03:49 PM

Updated : 21 Jul 2023, 03:49 PM

কুমিল্লার চান্দিনায় এক কাভার্ড ভ্যানের পেছনে আরেক কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেছে সহোদর চালক-হেলপারের।

শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ওবায়েদুল হক জানান।

নিহতরা হলেন: চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে ৩৪ বছর বয়সি কাভার্ড ভ্যান চালক আজিজুল হক ও তার ২৩ বছর বয়সি ভাই রবিউল হক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই সড়কে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে এর আহত চালক ও তার সহকারী ভাই যানটিতে আটকে যান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।