০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাইকে ধাক্কা কভার্ড ভ্যানের, চট্টগ্রাম ইপিজেডে ২ শ্রমিকের মৃত্যু

দুর্ঘটনার পরপরই চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 02:07 PM

Updated : 08 Oct 2026, 02:07 PM

চট্টগ্রাম ইপিজেডে কভার্ড ভ্যান চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ইপিজেডের ভেতরে ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. খলিল ও তামান্না বেগম। তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। তাদের মধ্যে খলিল এনএইচটি ফ্যাশন ও তামান্না স্মার্ট জ্যাকেট নামের আরেক প্রতিষ্ঠানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খলিল ও তামান্না মোটর সাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী এক কভার্ড ভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে যান। এসময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইপিজেড থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।