২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পুলিশের ধারণা, আকরামের হাত-পা-মুখ বেঁধে তাকে শ্বাসরোধে হত্যার পর পাট ক্ষেতে ফেলে দেওয়া হয়।

কুষ্টিয়ায় ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ‍মিরপুর থানা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 04:25 PM

Updated : 11 Jul 2023, 04:25 PM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাট ক্ষেত থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়াসিসা গ্রামের একটি পাট ক্ষেত থেকে মরদেহটি পাওয়া যায় বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহত আকরাম হোসেন (৫০) সদর উপজেলার যুগিয়া গ্রামের মোশারফ শেখের ছেলে। আকরাম মিরপুর উপজেলার পোড়াদহের ময়নাগাড়ি গেইট সংলগ্ন এলাকায় বসবাস করতেন এবং ইজিবাইক চালাতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার দিকে আকরাম বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকরামের হাত-পা-মুখ বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পাট ক্ষেতে ফেলে দেওয়া হয়।”

তবে কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এ মুহূর্তে সঠিক কোনো কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

পুলিশ তদন্ত করছে, যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।