কুষ্টিয়ায় শিক্ষক হত্যা: ভাইয়ের ছেলে গ্রেপ্তার
নিশাতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক মোছা. রোকশানা খানম হত্যায় জড়িত সন্দেহে তার আপন ভাইয়ের ছেলেকে গ্রেপ্তারের পর রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের হাউজিং এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে রোকসানার লাশ উদ্ধারের পর পরই ভবনের বাসিন্দা ভাইপো নওরোজ কবির ওরফে নিশাতকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
রাতে নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান শিশির বাদী হয়ে নিশাতকে একমাত্র আসামি হিসেবে উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে পুলিশ তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখায় বলে জানান কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন খান।
তিনি আরও বলেন, “রোকশানার একমাত্র ভাই নিপু নয় বছর আগে মারা যান। তার পর থেকে নিশাতকে নিঃসন্তান রোকশানা লালন-পালন করতেন। নিশাতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই, হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা শিল লিফটের ঘর থেকে উদ্ধার করা হয়েছে।”
মঙ্গলবার নিশাতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে কুষ্টিয়া অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক।
কুষ্টিয়া হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর ছয়তলা ভবনের দ্বিতীয়তলায় থাকতেন রোকশানা (৫২)। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন।
রোকশানা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা মৃত রওশন আলী মাস্টারের কন্যা এবং একই উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মানিক খুনকারের ছেলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যশোরের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান শিশিরের স্ত্রী।
এই দম্পতি নিঃসন্তান ছিলেন। রোকশানার স্বামী শিশির চাকরির কারণে যশোরেই থাকেন। সপ্তাহান্তে তিনি বাসায় আসেন। হাউজিংয়ের ছয়তলা ভবনটি রোকশানা খানম ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছিলেন; সেই ঋণের কিস্তি তিনিই প্রতি মাসে পরিশোধ করতেন বলে পরিবার জানিয়েছে। একই ভবনে রোকশানার ভাইয়ের ছেলে নিশাত ও তাদের পরিবার থাকে।
সোমবার সকালে নিশাতই পুলিশকে হত্যাকাণ্ডের খবর দিয়েছিলেন। তিনি তখন সাংবাদিকদের বলেছিলেন, সকালে তার ফুফুর বাসায় দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে আশপাশের প্রতিবেশীদের সাহায্যে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফুফুকে শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন বলেন, নয় বছর ধরে ভাইয়ের পরিবারকে নিজ বাড়িতে রেখে লালন-পালন করছিলেন রোকশানা খানম। নিশাত একদশ শ্রেণিতে পড়েন। নিঃসন্তান হওয়ার কারণে নিশাতের সব আবদারই পূরণ করতেন রোকশানা। কিছুদিন আগে নিশাতকে আড়াই লাখ টাকার একটি মোটরসাইকেল কিনে দেন রোকশানা।
“নিশাত অনলাইন জুয়া খেলে হেরে গিয়ে সেটি বিক্রি করে দেন। নিশাত তার ফুফুর কাছে আবারও টাকার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোকশানা তার ভাইপোকে বকাঝকা করেন এবং আর কোনো টাকা-পয়সা দেওয়া হবে না বলে জানিয়ে দেন। তিনি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেন।”
ওসি নাসির আরও বলেন, “এতেই ক্ষিপ্ত হয় নিশাত। রোববার রাতে ফুফুর চোখকে ফাঁকি দিয়ে তিনি বাসার ভিতরে লুকিয়ে থাকেন। গভীর রাতে রোকশানা খানম ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে রান্না ঘর থেকে মসলা গুড়ায় ব্যবহৃত শিল দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম বলেন, “শেষ পর্যন্ত কর্মপাগল রোকশানার তিল তিল করে সঞ্চিত আর্থিক স্বচ্ছলতাই ওর জীবনের কাল হলো। আমাদের কাছে এরকমটিই মনে হচ্ছিল যে, এই নৃশংস হত্যাকাণ্ড নিজেদের মধ্যেই কেউ করেছে।”
আরও পড়ুন:
