নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
বাড়ি ফেরার পথে ভ্যানের চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গেলে ওই যাত্রী সড়কে পড়ে যান বলে জানায় পুলিশ।
নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ ময়দানেরপার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জলঢাকা থানার ওসি মো. মুক্তারুল আলম।
নিহত রাবেয়া বেগম (২৫) শিমুলবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে মুক্তারুল আলম বলেন, উপজেলার মীরগঞ্জ হাট থেকে ভ্যানে করে অন্য যাত্রীদের সঙ্গে বাড়ি ফিলছিলেন রাবেয়া। পথে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
