বরিশালে ডেঙ্গু কাড়ল আরও ৪ নারীর প্রাণ
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৬ হাজার ৫৯৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও চার নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃতরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার কহিনুর বেগম (৫৫), আমতলী উপজেলার চালিতাবুনিয়া এলাকার অঞ্জলি রাণী (৫০), বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার এলাকার লিপি (৪২) ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার আয়েশা বেগম (৫০)।
এর মধ্যে দুই জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৯১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৫০ রোগী।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৬ হাজার ৫৯৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৯২ জন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
